অ্যাডভোকেট মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী । সদা হাস্যেজ্জ্বল, সদালাপী, অকৃত্রিম বন্ধুবৎসল এবং পরোপকারী এই যুবকের জন্ম চট্রগ্রাম জেলার সাতকানিয়ার থানার অন্তর্গত বারদোনা গ্রামের নিজ পৈতৃিক বাড়ীতে। তার পিতা মোঃ আহমদুর রহমান চৌধুরী ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে সাতকানিয়া মডেল হাই স্কুল থেকে অবসর নেন। পিতার স্নেহধন্য এই ছেলেকে চোখে চোখে রাখতেন যেন সুন্দরভাবে জীবন গঠন করে প্রতিষ্ঠিত হয়। পিতার স্কুল থেকে এসএসসি পাশ করার পর ছেলেটার শহরের কলেজে পড়ার ইচ্ছা পোষন করার পরেও বাবা চোখের বাইরে দিতে রাজী হননি। নিকটস্থ সাতকানিয়া সরকারী কলেজে ভর্তি করিয়ে দেন। এরপর পিতার ইচ্ছাতেই দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় আইআইইউসি তে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। আইনে গ্রেজুয়েশন শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে বাংলাদেশে বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। বর্তমানে আইনজীবী হিসাবে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও চট্টগ্রাম জজ কোর্ট এ আইন পেশায় নিয়োজিত আছেন।
স্কুল জীবনেই তার বহু প্রতিভার স্বাক্ষর মেলে। বিভিন্ন বৃত্তি পরীক্ষা, রচনা প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতায় নিয়মিত অংশগ্রহন আর লেখালিখি করার অভ্যাস। স্থানীয় বিভিন্ন ম্যাগাজিন, পত্র পত্রিকায় ছাড়িয়ে এখন জাতীয় পত্রিকা ও অনলাইনে নিয়মিত লিখে যাচ্ছেন। বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে কাজ করছেন স্বেচ্ছাসেবী এবং সংগঠক হিসাবে। অন্যায়, অনিয়ম,দূর্ণীতি মুক্ত দেশ গঠনে তার আপ্রান চেস্টা। ইদানীং বেশী মনযোগী হয়েছে নাগরিক অধিকার ও আইন কানুন নিয়ে জনসচেতনামূলক কর্মকান্ডে। বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াকালীন মূলত তার এই প্রচেস্টা শুরু হয়। আইন ভিত্তিক সমাজ গড়ার মানসে নিয়মিত আইন বিষয়ক সচেতনা প্রোগ্রামের আয়োজন ও লেখালিখি করে যাচ্ছে নিয়মিত। তার দৃঢ় বিশ্বাস , জনগন আইন সম্পর্কে সচেতন হলে তথা তাদের আইনগত অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হলেই দেশের সবকিছু সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। এটাই তার শুধু প্রত্যাশা নয় বরং নেশা।


